‘১৮ বছরের মেয়ের সিভি, এমপির কক্ষ ও একগুচ্ছ প্রশ্ন’—গাজী নজরুল ইস্যুতে তদন্ত চাইলেন ডা. তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদন:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তার মতে, অভিযোগ সত্য হলে শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নয়, দেশের সংসদের মর্যাদা রক্ষার স্বার্থেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, ভিডিওতে আলোচনায় আসা তরুণীর জীবনবৃত্তান্ত (সিভি) অনুযায়ী তার বয়স মাত্র ১৮ বছর। এসএসসি শেষ করেই চাকরি খোঁজার বিষয়টি ইঙ্গিত দেয় যে পরিবারটি হয়তো আর্থিক সংকটে রয়েছে। এমন পরিবারের জন্য একটি চাকরি শুধু আয় নয়, পুরো পরিবারের টিকে থাকার অবলম্বন।
তিনি উল্লেখ করেন, দেশের অনেক দরিদ্র মানুষ চাকরির আশায় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারস্থ হন। সেই বাস্তবতায় কোনো জনপ্রতিনিধির সুপারিশ অনেক সময় চাকরি পাওয়ার পথ সহজ করে দেয়। তবে এমন পরিস্থিতিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা বলেন, অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন দাবি তিনি করছেন না। তবে যে প্রশ্নগুলো সামনে এসেছে, সেগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তার ভাষায়, একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা উচিত। অভিযোগ ভিত্তিহীন হলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্মান ফিরে পাবেন, আর সত্য প্রমাণিত হলে সংসদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, চাকরির ক্ষেত্রে সুপারিশনির্ভর সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে। সরকার ও রাজনৈতিক দল বদলালেও এই ব্যবস্থা পরিবর্তন হয়নি। তার মতে, এই কাঠামোই সাধারণ মানুষকে ক্ষমতাবানদের ওপর নির্ভরশীল করে তোলে এবং অনেক ক্ষেত্রে শোষণের ঝুঁকি বাড়ায়।
ডা. তাসনিম জারা মনে করেন, চাকরির ক্ষেত্রে স্বচ্ছ ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিত না হলে এমন বিতর্ক বারবার ফিরে আসবে। তাই শুধু একটি ঘটনার তদন্ত নয়, নিয়োগ প্রক্রিয়ার সংস্কারও সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।


























