সেনা মহড়ার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সৈনিকদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময়
দেশের সামরিক প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে দেখতে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ হেঁটে ঘুরে দেখেন। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণের অগ্রগতি, কৌশলগত প্রস্তুতি এবং সামরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। তিনি একটি অপারেশনাল নির্দেশনা শুনে মহড়ার অংশ হিসেবে পরিচালিত রেইড অনুশীলনও পর্যবেক্ষণ করেন।
মাঠপর্যায়ে সেনাসদস্যদের যুদ্ধকৌশল, অবস্থান গ্রহণ, সমরাস্ত্র ব্যবহারের অনুশীলন এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান। একপর্যায়ে তিনি সেনা বাঙ্কারে নেমে দায়িত্ব পালনরত অফিসার ও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের দায়িত্ব পালনে উৎসাহ দেন।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী মাঠে সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে প্রশিক্ষণে অংশ নেওয়া সেনাসদস্যদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় নিরাপত্তা, সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

























