সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসব প্রচারণায় বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে ছড়ানো এসব তথ্যের উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদৃঢ় নেতৃত্ব ও চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা এবং পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
এ ধরনের অপপ্রচারে প্রভাবিত না হওয়ার পাশাপাশি সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের সত্যতা নিশ্চিত করতে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে আইএসপিআর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে প্রচার বা শেয়ার না করার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


























