সিন্ডিকেট ভাঙতে কঠোর সরকার, মজুদদারদের উদ্দেশে আইনমন্ত্রীর কড়া বার্তা
সারা দেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের ন্যায্য লাভ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “মজুদদারির শাস্তি অত্যন্ত কঠিন। তাই কেউ যেন অবৈধভাবে পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা না করেন।”
পরিদর্শনের সময় তিনি হাট-বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। বেশ কয়েকটি বিষয় তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন।
মন্ত্রী বলেন, কৃষক যেন উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান এবং মধ্যস্বত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

























