অগ্রণী ব্যাংকে অর্থ আত্মসাৎ: টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংক পিএলসির শাখায় অর্থ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের শ্রীনগর শাখার সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা। মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক ফেরদৌস রেজা চৌধুরী গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, আত্মসাৎ করা অর্থের পরিমাণ ও প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা প্রকাশ,অডিট ও তদন্তের প্রতিবেদন জানানো, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ এবং দায়ীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা প্রকাশ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ আমানত ফেরতের সিদ্ধান্ত ও নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান তারা। ভুক্তভোগীরা বলেন, তাঁরা কোনো সংঘাতে যেতে চান না। শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে নিজেদের আমানতের টাকা ফেরত চান। দ্রুত ও স্বচ্ছ সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, শ্রীনগর শাখায় অর্থ আত্মসাতের ঘটনায় গত ৭ অক্টোবর সাবেক দুই ব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ। এর আগে ৩০ সেপ্টেম্বর অর্থ আত্মসাতের মূল অভিযোগে ব্যাংকটির ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযোগ রয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ দেওয়া হলেও গ্রাহকদের হিসাবে অর্থ জমা হয়নি। আবার কোনো কোনো গ্রাহকের অজান্তে তাদের হিসাব থেকে টাকা উত্তোলন করা হয়েছে। এই পর্যন্ত প্রায় ৩১৫গ্রাহক লিখিত অভিযোগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তাদের দাবি, আত্মসাৎ ও অনিয়মের পরিমাণ ২৫ কোটি টাকার বেশি। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের টাকা ফেরত নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
























