সালাহউদ্দিন আহমদকে গুম: হাসিনা–কামাল–জিয়াউলসহ একাধিক সাবেক কর্মকর্তার সম্পৃক্ততার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদন
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ তৎকালীন র্যাব ও পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যে সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক বক্তব্য গ্রহণ করেছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি রেকর্ড করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থার কাছে গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেল রানার দেওয়া বক্তব্যেও সালাহউদ্দিন আহমদকে র্যাবের কথিত গোপন বন্দিশালা টিএফআই সেল-এ আটকে রাখার তথ্য উঠে এসেছে। তদন্তে আরও জানা গেছে, গুম হওয়ার পর উদ্ধার হওয়া পর্যন্ত প্রায় দুই মাস তাকে সেখানে আটক রেখে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত বছরের ৩ জুন শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সালাহউদ্দিন আহমদ। অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, এ কে এম শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছিল।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয় বলে সে সময় অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তখন তিনি বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার প্রায় দুই মাস পর, ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পরে বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়।
২০১৫ সালের ২২ জুলাই ভারতের একটি নিম্ন আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। তবে ২০১৮ সালে ওই আদালত তাকে খালাস দেন। ভারত সরকার সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই অবস্থান করতে হয়। পরে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল আদালতও তার খালাস বহাল রাখে।
গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় দিন পর, ২০২৪ সালের ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।
























