শ্রীনগরে নারী ক্ষমতায়ন ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অধীর রাজবংশী,মুন্সিগঞ্জঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নারীর অগ্রযাত্রাঃ শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, শ্রীনগরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরুমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শবনম শারমিন লুনা এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরা আক্তার। ড. শবনম শারমিন লুনা ও ডা. মনিরা আক্তার উভয়েরই জন্মস্থান শ্রীনগর উপজেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, নারীর শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সময়ে মেয়েদের দক্ষতা অর্জনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে আসতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ নারীদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক হবে।
সেমিনারে নারীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, নারীদের ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























