শিশুর হাতে গাছ, সবুজ ভবিষ্যতের অঙ্গীকার—মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম
নিজস্ব সংবাদ :
নিজস্ব প্রতিবেদক | মানিকগঞ্জ
আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচি। রোববার (১৯ জুলাই) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ার প্রতীক। শিশুদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিচ্ছে। সড়ক, সেতু কিংবা অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রকৃতি রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই প্রতিটি বৃক্ষরোপণ ভবিষ্যতের প্রতি এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
মন্ত্রী মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।