শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আগামী দিনের নেতৃত্ব বর্তমান প্রজন্মের হাতেই গড়ে উঠবে। তাই উন্নত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক মধ্যাহ্নভোজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে Canadian University of Bangladesh-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযান-এর সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটি-র ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, শুধু একাডেমিক শিক্ষাই নয়, খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক মূল্যবোধের চর্চাও একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এমন আয়োজনকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন, উত্তর প্লাজায় স্মৃতিচারণমূলক ছবি তোলেন এবং সংসদ অধিবেশন কক্ষে উপস্থিত থেকে আইন প্রণয়ন কার্যক্রমও সরাসরি পর্যবেক্ষণ করেন।

























