শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি, ধর্ষণ-হত্যা ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স (ডেক) খুলে অর্থ গণনার সময় নগদ টাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়েছে। চিঠিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খুলে অর্থ গণনার কাজ শুরু হয়। এ সময় দান করা টাকার মধ্যে একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়, যা প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা বলে জানা গেছে।
চিঠির শুরুতে লেখক উল্লেখ করেন, তিনি নিশ্চিত নন তাঁর বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে কি না। এরপর তিনি দেশের বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, ধর্ষণ, হত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দ্রুত ও দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চিঠিতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদী নামের শিশুদের আলোচিত ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত না করে দ্রুত নিষ্পত্তির আহ্বানও জানানো হয়।
মাদক সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে লেখক দাবি করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের প্রভাব অনেক বিস্তৃত। তাঁর অভিযোগ, প্রভাবশালী চক্রের কারণে অনেক ক্ষেত্রে আইন প্রয়োগ বাধাগ্রস্ত হচ্ছে এবং গ্রামাঞ্চলেও মাদকের বিস্তার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।
চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ নামে স্বাক্ষর করা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকি কমিটির কোনো সদস্য আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, হজরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটিতে সিলেটের বিভিন্ন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি মাজার-সংশ্লিষ্ট সদস্যরাও রয়েছেন। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেটের জেলা প্রশাসক।

























