রোববার ডিএনসিসির ১,৯০৫ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী রোববার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ডিএনসিসি ১ হাজার ৯০৫টি কেন্দ্র প্রস্তুত করেছে, যার মধ্যে ৫৪টি স্থায়ী এবং ১ হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্র।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালায় জানানো হয়, প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কার্যক্রম তদারকিতে মাঠপর্যায়ে ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া বস্তিবাসী, সুবিধাবঞ্চিত শিশু এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অবস্থানরত শিশুদের কাছে সেবা পৌঁছে দিতে চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করবে ডিএনসিসি। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন এসব এলাকায় মোবাইল সেবার মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হবে।
কর্মজীবী অভিভাবকদের সুবিধার কথা বিবেচনায় রেখে ক্যাম্পেইনের দিন এবং পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, প্রায় ১৪ মাস পর সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের পুষ্টিহীনতা কমানো এবং রাতকানা বা ভিটামিন ‘এ’-এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখার আশা করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।


























