রায়পুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জামায়াতের শোক, দ্রুত বিচার দাবি
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রায়পুরে সংঘটিত এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি বলেন, ভাড়া বাসায় ঢুকে শাহীনুর বেগম এবং তাঁর তিন কন্যা—ছায়মা আক্তার, ইকরা বেগম ও সিপা আক্তারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা মানবতার জন্য এক কলঙ্কজনক ঘটনা এবং দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, একজন মায়ের পাশে তাঁর তিন কন্যার নিথর দেহ পড়ে থাকার দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক। এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটি পরিবার মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে। নারী ও শিশুদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনায় রায়পুরসহ সারা দেশের মানুষ শোকাহত ও ক্ষুব্ধ।
বিবৃতিতে গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই ভয়াবহ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

























