যৌতুক মামলায় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) রাতে উপজেলার কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সাজেদা আক্তার (২৬) কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।
পুলিশ জানায়, স্বামী শাকিল আলম ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে সাজেদা আক্তারের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে গত সোমবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্ধিরগঞ্জ আমলি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই পরোয়ানার আলোকে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

























