মুন্সীগঞ্জে সয়াবিন তেল ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই দুই অপরাধী গ্রেফতার, মালামাল উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভার্ডভ্যান থামিয়ে চালক ও হেলপারকে হাত, মুখ ও চোখ বেঁধে প্রায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, জানান , গত ৯ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যশোরের উদ্দেশ্যে ৬৬৫ কার্টুনে থাকা ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেলবোঝাই একটি কাভার্ডভ্যান রওনা দেয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেস শ্রীনগরের ষোলঘর এলাকায় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাতদল কাভার্ডভ্যানটির গতিরোধ করে। এ সময় ডাকাতরা চালক ও হেলপারকে হাত, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে কাভার্ডভ্যানসহ প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সয়াবিন তেল ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার পর অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গনি মিয়া ও অতি রহমান নামে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ডাকাতি হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

























