বিশ্বকাপে দেম্বেলের ঝড়, ৩২ মিনিটের হ্যাটট্রিকে ইতিহাস
নরওয়ের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয়ে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ম্যাচের প্রথম ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের মালিক হয়েছেন।
দেম্বেলে ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল করেন। এরপর বিরতির আগেই আরও দুটি গোল করে ৩২ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন। এর ফলে ১৯৯৪ সালের পর প্রথম কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথমার্ধেই হ্যাটট্রিক করার কৃতিত্বও অর্জন করেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকের রেকর্ড এখনও এরিখ প্রোবস্ট-এর দখলে। তিনি ১৯৫৪ সালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে তিন গোল করেছিলেন। দেম্বেলের ৩২ মিনিটের হ্যাটট্রিক এখন সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক
- এরিখ প্রোবস্ট — ২৪ মিনিট (১৯৫৪, চেকোস্লোভাকিয়ার বিপক্ষে)
- উসমান দেম্বেলে — ৩২ মিনিট (২০২৬, নরওয়ের বিপক্ষে)
- গ্যারি লিনেকার — ৩৬ মিনিট (১৯৮৬, পোল্যান্ডের বিপক্ষে)
- গার্ড মুলার — ৩৮ মিনিট (১৯৭০, পেরুর বিপক্ষে)
ম্যাচে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন থেলো আসগার্ড। অন্যদিকে যোগ করা সময়ে ফ্রান্সের হয়ে চতুর্থ গোলটি করেন দেজিরে দুয়ে, যা ফরাসিদের বড় জয় নিশ্চিত করে।
এই হ্যাটট্রিকের সুবাদে গোল্ডেন বুটের লড়াইয়েও জোরালোভাবে নিজের অবস্থান জানান দিয়েছেন গতবারের ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে। এখন তার গোলসংখ্যা ৪, যা ফ্রান্সের সতীর্থ কিলিয়ান এমবাপের সমান। একই সংখ্যক গোল রয়েছে ভিনিসিয়ুস জুনিয়র এবং আর্লিং হালান্ড-এরও। তবে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি।
উল্লেখ্য, নরওয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করায় কোচ বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেন। তাই আর্লিং হালান্ড এ ম্যাচে মাঠে নামেননি। গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াইয়ে ফ্রান্স সুযোগটি কাজে লাগিয়ে দাপুটে জয় তুলে নেয়।
























