বিনিয়োগ-বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-ভারত যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব
বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নিতে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। একই সঙ্গে বেনাপোলসহ স্থলবন্দরগুলোতে পণ্য হ্যান্ডলিং আরও দ্রুত ও দক্ষ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট ) দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক করে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ব্যবসায়ী প্রতিনিধি দল। পরে এফবিসিসিআই-এর মতিঝিল কার্যালয়ে বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সিআইআই-এর ডিরেক্টর জেনারেল মি. চন্দ্রজিৎ ব্যানার্জি।
এ সময় প্রতিনিধি দলের সদস্য এবং ভারতের ইনফ্রাভিশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মি. বিনায়ক চ্যাটার্জি বলেন, আমাদের প্রথম প্রস্তাব অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন বিষয়ক টাস্ক ফোর্স গঠন। দ্বিতীয় প্রস্তাব হলো প্রযুক্তিগত ‘সানরাইজ সেক্টরস’ বিষয়ক বিটুবি অংশীদারিত্ব বৃদ্ধি।
মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রতিনিধিদলটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইতে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেও যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সিআইআই। এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট জসিম উদ্দিনসহ আরও অনেকে। উভয় সভায় ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জী।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে হলে বড় ধরনের অবকাঠামো বিনিয়োগ প্রয়োজন। নতুন রেলপথ, মহাসড়ক, বন্দর ও এলএনজি অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিপুল অর্থায়ন দরকার। ভারতীয় বিনিয়োগকারীরা এসব খাতে আগ্রহী হলে এবং তা বাংলাদেশের জন্য লাভজনক হলে সেই সহযোগিতা ইতিবাচকভাবেই দেখা হবে।

























