বিদ্যুতের তার কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের, দাঁত দিয়ে কাটার চেষ্টাই হলো কাল
রাজধানীর ধানমন্ডির মধুবাজার এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আক্তার হোসেন জানান, রাসেল বেলুন ও ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর মাধবদী এলাকায়। বর্তমানে তারা মোহাম্মদপুরের রায়েরবাজারে ভাড়া বাসায় থাকতেন। রাসেল বিবাহিত ছিলেন এবং তার এক সন্তান রয়েছে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক খান জানান, মধুবাজার এলাকার একটি বাসার সামনে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, রাসেল ওই বাসায় বিদ্যুতের তার চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি তার হাত দিয়ে বিচ্ছিন্ন করতে না পেরে তিনি দাঁত দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময় তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।
রাসেলের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

























