বাংলাদেশের খিচুড়ি আর চায়ের প্রেমে আতিফ আসলাম, ঢাকায় এসে ভক্তদের দিলেন হৃদয়ছোঁয়া বার্তা
জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় এসেছেন কনসার্টে অংশ নিতে। বুধবার রাতে রাজধানীতে পৌঁছানোর পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেন তিনি। কথা বলেন বাংলাদেশ, এখানকার মানুষ এবং খাবার নিয়ে নিজের ভালো লাগার নানা দিক।
বাংলাদেশি খাবারের প্রসঙ্গ উঠতেই আতিফের কণ্ঠে ছিল অকপট প্রশংসা। তিনি জানান, দেশের খাবারের মধ্যে তার সবচেয়ে প্রিয় খিচুড়ি। পাশাপাশি বাংলাদেশের চা এবং বিরিয়ানির স্বাদও তার কাছে অসাধারণ বলে উল্লেখ করেন।
আতিফ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সময় কেউ যখন তাকে প্রিয় খাবারের কথা জিজ্ঞেস করেন, তখন তিনি বাংলাদেশের খাবারের কথাই তুলে ধরেন। তার ভাষায়, চাইনিজ বা থাই খাবারের প্রশংসা করার আগে অন্তত একবার বাংলাদেশে এসে এখানকার খাবার চেখে দেখার পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে কাজ করার স্মৃতিও ভাগ করে নেন এই গায়ক। তিনি জানান, বহু বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় দুজনই বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় রুনা লায়লা জনপ্রিয় সুফি গান ‘ও লাল মেরি’ গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। আতিফ বলেন, রুনা লায়লা একজন অসাধারণ শিল্পী এবং তার মতো কিংবদন্তির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই বিশেষ হয়ে থাকবে।
বাংলাদেশে তার কোনো আত্মীয় আছেন কি না—এমন প্রশ্নের জবাবে হাসিমুখে আতিফ বলেন, “আপনারাই তো আমার আত্মীয়। বাংলাদেশের মানুষকে আমি নিজের পরিবারের মতোই মনে করি।” তবে বাস্তব অর্থে এখানে তার কোনো পারিবারিক আত্মীয় নেই বলেও তিনি স্পষ্ট করেন। কাজের সূত্রে পরিচিত কিছু মানুষ ছাড়া ব্যক্তিগতভাবে তেমন কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
আতিফ আসলামের এই আন্তরিক মন্তব্যে সংবাদ সম্মেলনের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। বাংলাদেশি খাবার, সংস্কৃতি এবং মানুষের প্রতি তার ভালোবাসার প্রকাশ ভক্তদেরও নতুন করে উচ্ছ্বসিত করেছে।
























