বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে গেল রুনা লায়লাকে ঘিরে বিশেষ আয়োজন
নিজস্ব সংবাদ :
দেশের চলমান বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্ধারিত বিশেষ অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।
আগামী ১৮ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান এবং তাকে বিশেষ সম্মাননা প্রদানের আয়োজন হওয়ার কথা ছিল। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
বিষয়টি নিশ্চিত করে রুনা লায়লা জানান, দেশের বর্তমান বন্যা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে আয়োজন করা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে।
এদিকে শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি হলে চলতি মাসের মধ্যেই অনুষ্ঠানটি আয়োজনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ২৫ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
জানা গেছে, চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবেন রুনা লায়লা। প্রায় এক দশক পর তিনি সিডনি ও মেলবোর্নে মঞ্চে গান পরিবেশন করবেন। ২৯ জুলাই তার ঢাকা ছাড়ার সম্ভাবনা থাকায়, তার আগেই সম্মাননা ও একক সংগীতানুষ্ঠানটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত বছর থেকে দেশের বরেণ্য শিল্পীদের সম্মাননা ও একক পরিবেশনার আয়োজন করে আসছে। এই ধারাবাহিকতায় এর আগে সম্মানিত হয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা।