প্রোফাইল ছবিতে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার না করার অনুরোধ আহমেদ সোহেল মনজুরের
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের সঙ্গে ব্যক্তিগতভাবে তোলা ছবি কিংবা তাঁর উপস্থিতিতে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে দেওয়া এক বিশেষ বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত প্রোফাইল ছবি হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা কোনো ছবি ব্যবহার না করাই সমীচীন।
বার্তায় বিষয়টি স্পষ্ট করে বলা হয়, এ নির্দেশনার সঙ্গে কারও প্রতি অবিশ্বাস, অনাস্থা কিংবা অসম্মানের কোনো সম্পর্ক নেই। বরং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সৌজন্যবোধের চর্চা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুণ্ন রাখার লক্ষ্যেই এমন অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের এ বিষয়টিকে নিছক অনুরোধ হিসেবে না দেখে সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা ও সচেতনতা প্রত্যাশা করেছেন প্রতিমন্ত্রী।

























