পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ডুবেছে রেলপথ, বন্ধ ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল
টানা তিন দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাধিক অংশ পানির নিচে চলে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আনিসুর রহমান জানান, রেললাইনের ওপর পানি জমে থাকায় ট্রেন চলাচল নিরাপদ নয়। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছানোর পর আর কক্সবাজারের দিকে যেতে পারেনি। পরে ট্রেনটি সেখান থেকেই ঢাকার উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানি নিরাপদ মাত্রায় না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক, তাদের জন্য বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। রেলপথের পানি নেমে নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।


























