নাটোরের লালপুরে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার।
বিপ্লব তালুকদার: নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সাতপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি আঃ লতিফকে গত ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় লালপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত আঃ লতিফের সঙ্গে তার স্ত্রীর আগেই বিবাহবিচ্ছেদ হয়। পরে ওই নারী অন্যত্র বিয়ে করেন।
এ কারণে ভুক্তভোগী কিশোরী (ছদ্মনাম: মরিয়ম) বেশির ভাগ সময় তার নানির বাড়ি গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় বসবাস করত এবং মাঝে মাঝে বাবার বাড়িতে যাতায়াত করত। অভিযোগে বলা হয়, বাবার ডাকে বাড়িতে বেড়াতে গেলে রাতে একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণ করেন।
পরে সকালে ভুক্তভোগী নানির বাড়িতে ফিরে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। ঘটনাটি জানার পর ভুক্তভোগীর মা বৃহস্পতিবার বিকেলে লালপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

























