দেশজুড়ে দখলের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার
দেশের বিভিন্ন স্থানে জমি, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠছে বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা। এসব অভিযোগের কিছু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ঘিরেও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা ও ভাঙচুরের শিকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তাসনিম জারা।
তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
তাসনিম জারা বলেন, বিএনপি ইতোমধ্যে তাদের দলের এক নেতাকে বহিষ্কার করেছে। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি জয়পুরহাটের হতে পারে। দলটির পক্ষ থেকে এমন সাংগঠনিক ব্যবস্থা নেওয়াকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তবে শুধু কাউকে বহিষ্কার করলেই সমস্যার সমাধান হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। কেন এমন ঘটনা ঘটছে এবং ক্ষমতায় আসার পর স্থানীয় পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে দখলবাজির অভিযোগ ওঠার পেছনে কী কারণ রয়েছে, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের প্রসঙ্গ তুলে তাসনিম জারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, হামলার সময় পুলিশ কী ভূমিকা পালন করেছে এবং তাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল কি না।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মতো জায়গায় যদি এ ধরনের হামলার ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সাধারণ মানুষ কীভাবে পুলিশের ওপর আস্থা রাখবে—এ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার।


























