টানা বৃষ্টিকেও হার মানিয়ে নতুন জীবনের পথে আমির খান, আজই গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘর বাঁধছেন
মুম্বাইজুড়ে টানা বর্ষণ চললেও থেমে নেই বলিউড তারকা আমির খানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজনের প্রস্তুতি। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আজ (রবিবার) বিয়ে করতে যাচ্ছেন তিনি। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে পালি হিলে অবস্থিত আমিরের বাসভবনে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।
শনিবার সকাল থেকেই বাড়িতে সাজসজ্জার কাজ জোরেশোরে শুরু হয়। প্রবল বৃষ্টির মধ্যেও কর্মীদের রেইনকোট পরে আলোকসজ্জা, আসবাবপত্র স্থানান্তর এবং অনুষ্ঠানস্থল প্রস্তুতের কাজ করতে দেখা গেছে। আয়োজনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
এদিকে, বিয়ের অনুষ্ঠানকে ঘিরে আমির খানের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনরাও একে একে বাসভবনে পৌঁছেছেন। প্রস্তুতির বিভিন্ন কাজে অংশ নিতে অভিনেতার বোনসহ পরিবারের সদস্যরা আগেভাগেই উপস্থিত হয়েছেন।
ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, আমির খান ও গৌরী স্প্র্যাট শুরু থেকেই নিজেদের বিয়ের অনুষ্ঠানকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন। সে কারণেই জাঁকজমকপূর্ণ কোনো ভেন্যুর পরিবর্তে নিজের বাসভবনেই সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল।
























