টলিউডে চঞ্চলের নতুন চমক, ‘চালচিত্র ২’-এ রহস্যময় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আবারও কাজ করছেন টলিউডে। এবার তিনি যুক্ত হয়েছেন প্রতীম ডি গুপ্ত পরিচালিত বহুল আলোচিত প্রকল্প ‘চালচিত্র ২’-এ। তবে এবার এটি বড় পর্দার সিনেমা নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত একটি ওয়েব সিরিজ।
২০২৪ সালের শেষ দিকে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ছবির মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। অল্প সময়ের উপস্থিতিতেই তিনি দর্শকদের নজর কাড়েন এবং প্রশংসা অর্জন করেন। তখন থেকেই ছবিটির পরবর্তী কিস্তি নিয়ে নানা আলোচনা চলছিল।
নির্মাতা প্রতীম ডি গুপ্ত এবার জানিয়েছেন, ‘চালচিত্র ২’ মূল গল্পের ধারাবাহিকতা নয়; বরং এটি একটি প্রিক্যুয়েল। অর্থাৎ প্রথম কিস্তির ঘটনাগুলোর আগের সময়কে কেন্দ্র করেই এগোবে সিরিজের কাহিনি। বিশেষ করে রহস্যময় সিরিয়াল কিলারকে ঘিরে তৈরি হবে গল্পের মূল আবহ, যেখানে অতীত ও বর্তমানের নানা ঘটনার সংযোগ তুলে ধরা হবে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম ছবিতে ব্রাত্য বসু যে সিরিয়াল কিলার ‘ভুবন’ চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রের নতুন রূপে দেখা যেতে পারে চঞ্চল চৌধুরীকে। যদিও এ বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। তবে প্রকল্পে নিজের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
চঞ্চল জানান, গল্প বা চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত প্রকাশ করতে চান না। দর্শকদের জন্য চমক রেখে তিনি বলেন, সময় হলে পর্দাতেই সবকিছু দেখতে পারবেন দর্শক।
সিরিজে আগের মতোই তদন্তকারী কর্মকর্তার চরিত্রে ফিরছেন টোটা রায়চৌধুরী। পাশাপাশি অভিনয়ে থাকছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও কয়েকজন পরিচিত শিল্পী। ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে, আর খুব শিগগিরই ইউনিটের সঙ্গে যোগ দেবেন চঞ্চল চৌধুরী।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চলতি বছরের দুর্গাপূজাকে সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ‘চালচিত্র ২’।
এদিকে টলিউডে চঞ্চলের ব্যস্ততা আরও বেড়েছে। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গে ‘শেকড়’ এবং ‘আজাদি’ নামে দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। ছবি দুটি পরিচালনা করছেন যথাক্রমে ব্রাত্য বসু ও সুমন মুখোপাধ্যায়।
























