জুলাই-আগস্টে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে, সর্বোচ্চ প্রস্তুতির কথা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়
আসন্ন জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও তিনি আশ্বস্ত করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গু শনাক্তের জন্য এনএস১ (NS1) পরীক্ষার কিট ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে রোগীর সংখ্যা বেড়ে গেলে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। এ কারণে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিশেষ করে মসজিদের ইমামদের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান তিনি।


























