চ্যাটজিপিটিতে এলো ‘শিডিউল’ ফিচার, এবার নিজেই মনে করিয়ে দেবে গুরুত্বপূর্ণ কাজ
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিকে আরও কার্যকর ও ব্যক্তিগত সহকারী হিসেবে গড়ে তুলতে চ্যাটজিপিটিতে নতুন ‘শিডিউল’ (Schedule) সুবিধা চালু করেছে ওপেনএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় বা নির্ধারিত বিরতিতে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার নির্দেশ দিতে পারবেন। ফলে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না চ্যাটজিপিটি, বরং দৈনন্দিন কাজের পরিকল্পনা ও তথ্য ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন ফিচারের আওতায় ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন, নিয়মিত খবর বা তথ্যের সারসংক্ষেপ পেতে পারবেন এবং নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনার ওপর নজর রাখার দায়িত্বও দিতে পারবেন। কোনো নতুন তথ্য, পণ্যের ঘোষণা বা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে তা ব্যবহারকারীকে জানাবে।
এই সুবিধা পরিচালনার জন্য ওয়েব ও মোবাইল অ্যাপের সাইডবারে যুক্ত করা হয়েছে আলাদা ‘শিডিউল’ পেজ। এখান থেকে নতুন টাস্ক তৈরি, চলমান টাস্ক পর্যবেক্ষণ, সময় পরিবর্তন, সাময়িকভাবে বন্ধ রাখা কিংবা প্রয়োজন হলে সম্পূর্ণ বাতিল করার সুযোগ মিলবে। ফলে ব্যবহারকারীরা এক জায়গা থেকেই নিজেদের সব নির্ধারিত কাজ সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, টাস্ক তৈরি করাও বেশ সহজ। ব্যবহারকারীরা চাইলে শিডিউল পেজে গিয়ে নতুন টাস্ক যুক্ত করতে পারবেন। এ ধরনের ফিচার সম্পর্কে আরও জানতে AI Tools Guide দেখতে পারেন।
তবে এই সুবিধার পূর্ণ কার্যকারিতা পেতে ব্রাউজার বা মোবাইল ডিভাইসে নোটিফিকেশন চালু রাখতে হবে। নোটিফিকেশন সক্রিয় থাকলে নির্ধারিত সময়েই রিমাইন্ডার, প্রয়োজনীয় তথ্য বা সর্বশেষ আপডেট ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। এতে বারবার অ্যাপ খুলে তথ্য খোঁজার প্রয়োজন হবে না এবং চ্যাটজিপিটি আরও কার্যকর ব্যক্তিগত ডিজিটাল সহকারীর ভূমিকা পালন করবে।
বর্তমানে নতুন ‘শিডিউল’ সুবিধাটি ধাপে ধাপে অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারী (পেইড সাবস্ক্রাইবারদের) জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এটি আরও বিস্তৃত পরিসরে চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেকলুসিভ


























