চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্টুডিওতে গিয়ে দেখা যায়, ভেতরের বিভিন্ন সরঞ্জাম তছনছ অবস্থায় পড়ে আছে। স্টুডিওর সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং কক্ষের বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। একই সঙ্গে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে ওই এলাকায় একটি অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ছুরিসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে হামলার সঙ্গে চাঁদা দাবির অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


























