গোয়াইনঘাটে ভাতিজার দা’র কোপে চাচা নিহত, আটক ১
সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক বিরোধের জেরে কলিম উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমির উদ্দিন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কলিম উল্লাহর ১৮ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার চাচাতো ভাই জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। অভিযোগের পর স্থানীয়রা জুবেরকে আটক করলেও পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি আড়াল করতে জুবেরের পরিবারের পক্ষ থেকে তার বিয়ের উদ্যোগ নেওয়া হয়। তবে সালিশে সন্তুষ্ট না হয়ে শনিবার দুপুরে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেন কলিম উল্লাহ।
অভিযোগ পাওয়ার পর থানার এসআই নাঈমুল ও এএসআই অনুপসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এর কিছুক্ষণ পরই কলিম উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, এ সময় জুবের আহমদ ও তার বাবা সয়ফুল্লাহ দেশীয় অস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা চালান। একপর্যায়ে জুবেরের হাতে থাকা দা দিয়ে তার গলার বাম পাশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।
























