‘গণমাধ্যম রাষ্ট্রের আয়না, তাই বস্তুনিষ্ঠতাই সবচেয়ে বড় দায়িত্ব’—তথ্যমন্ত্রী
গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা সাংবাদিকদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) রজতজয়ন্তী উদযাপন ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যম যদি বাস্তবতাকে সঠিকভাবে প্রতিফলিত করতে ব্যর্থ হয়, তবে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। আর দায়িত্বশীল সাংবাদিকতা নাগরিকদের সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
মন্ত্রী বলেন, বিচারব্যবস্থার স্বচ্ছতা তুলে ধরার ক্ষেত্রে আদালত-সংশ্লিষ্ট সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তি বা সরকারপ্রধান আদালতের মুখোমুখি হলেও সেই ঘটনাকে নিরপেক্ষ ও তথ্যনির্ভরভাবে জনগণের সামনে তুলে ধরা সংবাদকর্মীদের দায়িত্ব।
ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তার নতুন সুযোগের পাশাপাশি নতুন ঝুঁকিও তৈরি করেছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি, বিকৃত ভিডিও কিংবা বিভ্রান্তিকর তথ্য তৈরি ও ছড়িয়ে দেওয়া এখন অনেক সহজ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার বক্তব্য প্রচার এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভিন্ন গণমাধ্যমের উপস্থাপনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকলেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং কোনো পক্ষের হয়ে প্রচার চালানো এক বিষয় নয়। গণমাধ্যমের কার্যক্রম বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। একই সঙ্গে তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, এআই-নির্ভর ভুয়া তথ্য মোকাবিলায় বর্তমান আইনগুলোকে আরও যুগোপযোগী করা প্রয়োজন। তিনি সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে বিচারব্যবস্থায় ডিজিটাল সাক্ষ্য গ্রহণের জন্য একটি সমন্বিত আইন প্রণয়নের আহ্বান জানান।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার সহজ করার দাবি জানিয়ে বলেন, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ভারতীয় সুপ্রিম কোর্টের আদলে বাংলাদেশেও আদালতের কার্যক্রমের ‘লাইভ ল’ সম্প্রচারের ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করা উচিত।
এলআরএফের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপির আইনবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীসহ বিভিন্ন আইনজীবী ও সাংবাদিক নেতারা বক্তব্য দেন।


























