এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস সরকারের, নাহিদের মন্তব্যে সংযমের প্রত্যাশা
সরকার এনসিপির সমাবেশে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ধরনের ঘটনার নিন্দা জানানোই সরকারের একমাত্র দায়িত্ব নয়; বরং প্রকৃত দায়িত্ব হলো ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা।
মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হামলার পর দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নাহিদ ইসলাম একজন রাজনৈতিক দলের প্রধান হিসেবে নিজের মত প্রকাশের অধিকার রাখেন। পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে এমন সংবেদনশীল ঘটনায় তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও পরিমিত মন্তব্য প্রত্যাশা করে সরকার।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার পর এখনো ২৪ ঘণ্টাও পার হয়নি। তদন্ত একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়, তাই সময় লাগতে পারে। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেও বিচ্ছিন্নভাবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার ঘটনাটিকে কতটা গুরুত্ব দিয়ে মোকাবিলা করছে। এ বিষয়ে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে বলেও জানান তিনি।






















