আজিমপুরে বাসা ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা, মারধরের পর প্রাণ গেল ব্যবসায়ীর
নিজস্ব সংবাদ :
রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় স্বপন (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) ভোররাত প্রায় ৪টার দিকে কোয়ার্টারের ৪ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বপনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্বপনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, দুই ভাই দীর্ঘদিন ধরে ওই সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ভাড়া থাকতেন। স্বপন কসমেটিকস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি অবিবাহিত ছিলেন।
সেলিমের ভাষ্য অনুযায়ী, বাসার বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির ছেলে রিজভি রোববার ভাড়া নিতে আসার কথা থাকলেও ফোনে যোগাযোগের সময় উল্টো অশালীন আচরণ করেন। পরে সোমবার ভোরে তিনি তার চাচাতো ভাই রোহানকে নিয়ে বাসায় আসেন। এ সময় ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইকে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারা হয় এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে অভিযুক্তরাই তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধাক্কা লেগে পড়ে যাওয়ার সময় স্বপনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রিজভি ও রোহানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।