হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা, অপপ্রচারের অভিযোগ এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ দলটির চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।
সংগঠনটির তথ্য অনুযায়ী, শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এ মামলা করা হয়। মামলায় হাসনাত আবদুল্লাহর পাশাপাশি এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এনসিপির দাবি, মামলার পরিপ্রেক্ষিতে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে এনসিপি ইউকে অ্যালায়েন্স অভিযোগ করে, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার এবং নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ এনে মামলাটি করা হয়েছে বলে দাবি সংগঠনটির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মামলা দায়েরের মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় ও সম্পদের অপচয় ঘটানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে বলেও দাবি করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

























