তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হয়েছে
মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক
তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হয়েছে। ১৮ জুন শুরু হওয়া এ মেলা চলবে ২০ জুন পর্যন্ত। দেশীয় নানা জাতের মৌসুমি ফলের প্রদর্শনী, কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।
মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আকর্ষণীয় স্টল। ফুলের আদলে সাজানো স্টলটির চারপাশে শোভা পাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ফল। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলায় স্টল স্থাপন করা হয়েছে।
মেলার বিভিন্ন স্টলে সবচেয়ে বেশি নজর কেড়েছে দেশের জনপ্রিয় ও সুস্বাদু বিভিন্ন জাতের আম। হাড়িভাঙ্গা, ভীমসাগর, রূপালি, বেনানা আমসহ নানা জাতের আমের সমাহারে পুরো মেলাজুড়ে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। বিশাল আকৃতির আমসহ বিভিন্ন বৈচিত্র্যময় জাতের আম দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
এছাড়া দেশীয় বিভিন্ন ফল যেমন জাম, জামরুল, গোলাপজাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা ও অন্যান্য মৌসুমি ফলও প্রদর্শন করা হচ্ছে। ফলের পুষ্টিগুণ, চাষাবাদ পদ্ধতি ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দিচ্ছেন সংশ্লিষ্ট স্টল প্রতিনিধিরা।
কৃষক, ফলচাষি, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণে জাতীয় ফলমেলা হয়ে উঠেছে দেশীয় ফলের বৈচিত্র্য ও সম্ভাবনা তুলে ধরার এক অনন্য আয়োজন। মেলার আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বাড়ানোর পাশাপাশি ফলচাষে নতুন উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

























