লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে যুবদল নেতা রেজাউল কবির পলের মতবিনিময়
লন্ডন, ১ নভেম্বর: যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত ঢাকাবাসী, প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, দেশের ভবিষ্যৎ, প্রবাসীদের অধিকার ও কল্যাণ এবং দেশ-প্রবাসের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রবাসী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। আনুষ্ঠানিক বক্তব্যের পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রবাসীদের নানা সমস্যা, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনা এবং প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের কার্যকর যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার মুফতি নাফিস, ড. আতাউর রহমান, জুনায়েত রিয়াজ, এস এইচ সোহাগ ও রাজিব হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবা জেবিন, ইয়াসমিন জাহানারা, মার্ক জিলানী, ফারুক হোসাইন, দেওয়ান আলী কাজল, মাহবুবুর আলম খান, ইমরান চৌধুরী, কাজী সুমন, আর্কিটেক্ট মাহবুব ও ব্যারিস্টার মাহবুব তোহাসহ লন্ডনে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
মতবিনিময় সভায় দেশ ও প্রবাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক, প্রবাসীদের প্রত্যাশা এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণের বিষয়গুলো আলোচনায় স্থান পায়।























