ঢাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন-১’, বিজয়ী ডা. কানিজ ছোয়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ নভেম্বর: নারী চিকিৎসকদের মেধা, যোগ্যতা, পেশাগত দক্ষতা ও বহুমুখী প্রতিভাকে সম্মান জানাতে রাজধানীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী প্রতিযোগিতা ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন-১’।
রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন নারী চিকিৎসকরা। প্রতিযোগিতায় নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও স্বতন্ত্র প্রতিভা তুলে ধরেন তাঁরা।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল চিকিৎসাসেবায় নিয়োজিত নারীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় বক্তারা চিকিৎসাসেবায় নারী চিকিৎসকদের অবদান, পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধের প্রশংসা করেন।
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডা. কানিজ ছোয়া। প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. রিফা তামান্না।
‘দ্য রিস্ট্রেইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. হাসান মাহমুদের পরিকল্পনা, পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি অনুষ্ঠিত হয়। সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ডা. সোহা। অন্যদিকে, মঞ্চ পরিচালনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ‘বি হ্যাপি এন্টারটেইনমেন্ট’-এর শো ডিরেক্টর সাকিব সনেট।
আয়োজকদের ভাষ্য, চিকিৎসাসেবার মতো ব্যস্ত ও দায়িত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকেও নারী চিকিৎসকেরা তাঁদের পেশাগত পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত প্রতিভা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারেন। এই আয়োজন তাঁদের আত্মপ্রকাশ ও এগিয়ে যাওয়ার পথে নতুন অনুপ্রেরণা জোগাবে।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় র্যাম্প ওয়াক এবং বর্ণাঢ্য পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।















