প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক
বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসায় যান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে তারেক রহমান প্রবীণ এই নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা। মিফতাহ সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তারেক রহমানের মাথায় হাত রেখে দোয়া করেন এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা বিএনপির বর্ষীয়ান এই নেত্রী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

























