অধস্তন আদালতে একযোগে বদলি ৯৯ বিচারক
দেশের অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের ৯৯ বিচারককে একসঙ্গে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুজন সিনিয়র সিভিল জজ এবং দুজন সিভিল জজ।
আইন ও বিচার বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপন তালিকায় ১৭ সেপ্টেম্বর বিচারকদের এসব বদলি সংক্রান্ত একাধিক পৃথক আদেশের তথ্য রয়েছে। এতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ পর্যায়ের বিচারকদের বদলির আদেশ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
তবে কোনো বিচারক প্রশিক্ষণ বা ছুটিতে থাকলে, সংশ্লিষ্ট প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমেই এসব বদলির আদেশ দেওয়া হয়েছে।


























