বিএনপি নেতা শাহিন হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, ঢাকা মহানগর উওর এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেনের নিজ বাসভবনে (দেবিদ্বার উপজেলা গোপালনগর গ্রাম) এক দুঃসাহসিক ও সুপরিকল্পিত ডাকাতি এবং লুটপাটের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা সম্পূর্ণ বাড়ি খালি করে মূল্যবান মালামাল ও সম্পদ লুট করে নিয়ে গেছে। এই ন্যক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রাপ্ত তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা গেছে, ঘটনাটি কোনো আকস্মিক অপরাধ নয়, বরং অত্যন্ত পরিকল্পিতভাবে এই লুটপাট চালানো হয়েছে। একটি সম্পূর্ণ বসতবাড়ি খালি করে বিপুল পরিমাণ মালামাল ও নগদ অর্থ সরিয়ে ফেলা হলেও আশপাশের মানুষজন বা প্রত্যক্ষদর্শীরা কেন বিষয়টি সময়মতো টের পেলেন না, তা নিয়ে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, আশপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি ও পূর্ব-পরিকল্পনা ছাড়া পুরো বাড়ি খালি করে ফেলা কোনোভাবেই সম্ভব নয়।
ঘটনার খবর পেয়েই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, ঢাকা মহানগর উওর এর সভাপতি হাজী হৃদয় খান নয়ন ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহাম্মেদ আকাশ সহ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহযোদ্ধা ও সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, এটি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং একটি পরিকল্পিত নিরাপত্তার হুমকি।

দলের পক্ষ থেকে প্রধান দাবিসমূহ:
জরুরি ও নিরপেক্ষ তদন্ত: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে নিরপেক্ষ ও কঠোর তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের মূল নকশাকারীদের খুঁজে বের করতে হবে।
সহযোগীদের চিহ্নিতকরণ: স্থানীয় পর্যায়ে বা আশপাশে যারা এই সুপরিকল্পিত অপকর্মের তথ্য জানতেন বা যুক্ত ছিলেন, তাদের দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।
মালামাল উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি: লুট হওয়া সমস্ত মালামাল দ্রুত উদ্ধার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে কেউ এই ধরনের সাহস না পায়।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার না হলে এবং অপরাধীরা ধরা না পড়লে সংগঠন ও স্থানীয় সচেতন জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


























