শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ১০
শ্রীনগর (মুন্সীগঞ্জ)থেকেঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর অনুসারীদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত চোখের নিচে আঘাত পান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে নিয়ে যান।
এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


























