সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মূল টাকা ফেরতের সুযোগ, মিলবে না মুনাফা
একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের জন্য আমানতের মূল অর্থ ফেরত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে গ্রাহকরা বর্তমানে তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের জমা অর্থ এবং মেয়াদি আমানতের শুধু আসল টাকা একবারে তুলতে পারবেন। এর সঙ্গে কোনো মুনাফা দেওয়া হবে না।
এ বিষয়ে সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট থেকে একটি সার্কুলার লেটার জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় সাধারণ ও ব্যক্তি শ্রেণির আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের আসল টাকা উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে হস্তান্তরগ্রহীতা ব্যাংককে গ্রাহকের মূল অর্থ পরিশোধ করতে হবে।
অর্থাৎ, সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহক নিজের অর্থ থেকে যে পরিমাণ টাকা জমা রেখেছেন, সেই আসল অর্থ ফেরত নেওয়ার সুযোগ থাকছে। তবে ওই আমানতের বিপরীতে ইতোমধ্যে অর্জিত বা ভবিষ্যতে প্রাপ্য কোনো মুনাফা এই অর্থ উত্তোলনের সঙ্গে দেওয়া হবে না।
টাকা তুললে আর দাবি করা যাবে না
মূল টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো আমানতকারী এই সুবিধা গ্রহণ করে টাকা তুলে নিলে সেটিকে সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা হবে।
ফলে পরবর্তী সময়ে ওই হিসাবের বিপরীতে অতিরিক্ত কোনো অর্থ বা অন্য কোনো দাবি উত্থাপন করার সুযোগ থাকবে না।
এ ছাড়া গ্রাহকের আমানত পরিশোধের আগে হস্তান্তরকারী ব্যাংকের কাছে তার কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে। দায় বাদ দেওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকবে, সেটিই গ্রাহককে পরিশোধ করা হবে।
১ থেকে ৭ সেপ্টেম্বর আবেদন
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি শ্রেণির আমানতকারীরা মূল টাকা উত্তোলনের জন্য ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে পারবেন।
আবেদন যাচাই-বাছাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের আমানতের সম্পূর্ণ মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়নের প্রক্রিয়া শুরু হবে।
আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর এবং ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানত হিসাব থেকে মূল টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকবে।
তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে সংশ্লিষ্ট চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে গ্রাহকদের মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গ্রাহকদের আস্থা ফেরাতে বিশেষ উদ্যোগ
অন্যদিকে আমানত ফেরত দেওয়ার কার্যক্রমকে কেন্দ্র করে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ১ সেপ্টেম্বর বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এদিন শাখা ও উপশাখাগুলো পরিপাটি করে সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে কর্মস্থলে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে স্বাগত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষভাবে জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে শাখাগুলোতে পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকসেবার মান এবং গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
























