খাবার পড়ে যাওয়ায় নিজেই পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
পরিচ্ছন্নতা নিয়ে শুধু বক্তব্য নয়, নিজের কাজের মাধ্যমেও সচেতনতার বার্তা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ ঘটনা ঘটে।
কর্মশালায় বিরতির সময় খাবার গ্রহণের একপর্যায়ে মেঝেতে খাবারের কিছু অংশ পড়ে যায়। বিষয়টি দেখে পরিচ্ছন্নতাকর্মীকে ডাকার পরিবর্তে নিজেই সেটি পরিষ্কার করেন প্রতিমন্ত্রী।
তার এমন আচরণে কর্মশালায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিকেরই এ বিষয়ে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (প্রতিমন্ত্রীর দপ্তর) মো. তানভীর মিয়া বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা শুধু সরকারের কোনো নির্দিষ্ট দপ্তর বা পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নয়। এ ক্ষেত্রে সাধারণ নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা নিজেরা সামনে থেকে পরিচ্ছন্নতার কাজে অংশ নিলে তা অন্যদেরও উৎসাহিত করে। ববি হাজ্জাজের এই উদ্যোগের মধ্য দিয়ে উপস্থিত ব্যক্তিদের কাছেও পরিচ্ছন্নতার বিষয়ে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে।

























