‘বিএনপি জিন্দাবাদ’ বলে বিদায় মির্জা ফখরুল, রাষ্ট্রপতি হওয়ার পথে নতুন অধ্যায়
রাষ্ট্রপতি পদে যাওয়ার আগে বিএনপির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার ইতি টানার ইঙ্গিত দিয়েছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদায়ী বার্তায় তিনি বলেছেন, ‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। মহাসচিবের দায়িত্ব ছাড়ার পর তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মির্জা ফখরুলের পোস্টে মন্তব্য করে তাকে শুভকামনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মির্জা ফখরুলকে একজন সজ্জন ও সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন।
সারজিস আলম বলেন, দলীয় পরিচয়ের বাইরে মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ রাজনীতিতে দৃষ্টান্ত তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন দায়িত্বে মির্জা ফখরুলের পথচলা ন্যায়বিচার, দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও জানান সারজিস।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থী হওয়ায় নির্বাচনে তার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই নির্বাচিত রাষ্ট্রপতির নাম গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
এর আগে ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মহাসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। ফলে তার ‘বিএনপি জিন্দাবাদ’ বলে বিদায়ের বক্তব্যকে দলীয় রাজনীতির অধ্যায় শেষ করে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


























