ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস কি সত্যিই ইসলাম গ্রহণ করেছেন?
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছে তুর্কি সংবাদমাধ্যমগুলো।
তবে এখনো এ খবরের আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। নিজেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ৫৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের সঙ্গে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবি নতুন করে তাদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা তৈরি করেছে।
তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলারসহ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন রবার্তো কার্লোস।
প্রচারিত তথ্য মতে, ব্রাজিলে শেখ জিহাদ হামাদার সঙ্গে সরাসরি দেখা করার আগে রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ বজায় রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তাদের সেই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে রবার্তো কার্লোস কালিমা পাঠ করে স্বেচ্ছায় মুসলিম হওয়ার ঘোষণা দেন।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের বিবরণ প্রকাশ করেন।
আলি শাহিন তার এক্স হ্যান্ডেলে জানান, ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় সাও পাওলো শহরের বাসিন্দা শেখ জিহাদ হামাদার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি উল্লেখ করেন, বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় শেখ হামাদা অন্যতম।
তুর্কি এমপি আরও জানান, শেখ হামাদা তাকে নিশ্চিত করেছেন যে রবার্তো কার্লোস তার সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগে ছিলেন। এরপর প্রায় চার সপ্তাহ আগে তিনি শেখের কাছে এসে শাহাদাহ্ পাঠের মাধ্যমে ইসলাম ধর্মকে নিজের পথ হিসেবে বেছে নেন। এমপি আলি শাহিন রবার্তো কার্লোস ও তার পরিবারের জন্য শান্তি, স্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনা জানান।


























