এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে ৪ বোমাসদৃশ বস্তু, ঘিরে রাখে পুলিশ
রাজধানীর ব্যস্ত এলিফ্যান্ট রোডে একটি শপিং ব্যাগ থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে বাটা সিগন্যাল মোড়সংলগ্ন নিউমার্কেটমুখী সড়কের ফুটপাত থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলিথিনের একটি শপিং ব্যাগে লাল টেপ দিয়ে মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ রাখতে ঘিরে ফেলে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থাকা লাল টেপে মোড়ানো চারটি বস্তু উদ্ধার করে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার ফুটপাত থেকে বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা, ককটেল নাকি অন্য কোনো ধরনের বস্তু—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বোম ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এখনো পর্যালোচনা করা হয়নি। ফুটেজ বিশ্লেষণ করে এসব বস্তু সেখানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করা হবে।
























