মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা
সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। এর পাশাপাশি প্রতিনিয়তই নিজের নানা অনুভূতির কথা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শেয়ার করে নেন। তার এসব পোস্টে জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরেন তিনি। নজর কাড়েন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের। তার এসব পোস্টে উঠে আসে সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তির মতো নানা বিষয়।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে সম্পর্কের ইতি টানা, আত্মসম্মান এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন প্রভা। সেখানে সম্পর্ক তৈরি ও ভাঙন নিয়ে নিজের উপলব্ধির কথাও তুলে ধরেন তিনি।
প্রভা লেখেন, সম্পর্ক ছিন্ন করা মানেই মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা নয়। কখনো কখনো এর অর্থ হলো নিজের কাছে সত্যিটা স্বীকার করা একসময় যে সম্পর্কটি গুরুত্বপূর্ণ ছিল, সেটিই এখন ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।
অভিনেত্রীর ভাষ্য, ভালোবাসার বিনিময়ে মানসিক শান্তি, নিজের পরিচয় কিংবা মানসিক সুস্থতা বিসর্জন দেওয়া উচিত নয়। যারা কেবল নিজেদের প্রয়োজনের সময় পাশে থাকে, তারাও অনেক সময় মানুষকে নিঃশেষ করে দিতে পারে।
জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয় উল্লেখ করে প্রভা বলেন, মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াটাও জরুরি। তিনি বলেন, অনেকে বলতে পারেন যে, মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে, কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না; বরং এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই একটি সিদ্ধান্ত।
পরিবারের সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন প্রভা। তিনি বলেন, পরিবারের কেউ কেউ সীমারেখা লঙ্ঘন করেন। আবার এমন মানুষও থাকেন, যারা পাশে থেকেও অন্যকে একাকিত্ব অনুভব করান। পরিস্থিতি একদিন বদলাবে এই আশায় মানুষ অনেক সময় চেষ্টা চালিয়ে যায়। কিন্তু একপর্যায়ে বুঝতে পারে, সেই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।
অভিনেত্রী বলেন, যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না। তাই সম্পর্ক কিংবা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ হতে পারে বলে জানান প্রভা।

























