২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, বাংলাদেশের বিপক্ষে সতর্ক থাকবেন কামিন্স
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বরং টাইগারদের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে কেমন দেখছেন—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, সহজ কোনো টেস্ট ম্যাচ তিনি কখনো খেলেননি। বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশের দল নিয়েও এখনই চূড়ান্ত মূল্যায়নে যেতে চাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’


























