সালমান শাহ হত্যা মামলায় কারাগারে খলনায়ক ডন
খলঅভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে (৫৪) সালমান শাহ হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিকেলে তাকে আদালতে হাজির করা হলে সিআইডির পরিদর্শক আরিফুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
বিকেলে সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং জামিনে মুক্তি পেলে তিনি চিরতরে পালিয়ে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা একান্ত প্রয়োজন।
রাষ্ট্রপক্ষ আদালতকে আরও জানায়, সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টার মামলায় গ্রেফতার রেজভি আহমেদ ওরফে ফরহাদ আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন যে সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক ছিল। ডন, ফারুক ও রেজভি ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করেন। প্রথমে তাকে অচেতন করা হয় এবং পরে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য লাশ ঝুলিয়ে রাখা হয়।
আদালত সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি বলেন, ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে এবং তার বিষয়ে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর ঘটনায় সে সময় অপমৃত্যুর মামলা করেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরবর্তী সময়ে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। অপমৃত্যুর মামলা ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্ত করতে আদালত সিআইডিকে নির্দেশ দেন।

























