রাষ্ট্রপতির পদত্যাগে রাজনৈতিক ইস্যু দেখছেন না পরিবেশমন্ত্রী মিন্টু, জোর দিলেন কর্মসংস্থান ও বিনিয়োগে
রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনায় রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তাঁর ভাষ্য, রাষ্ট্রপতির পদত্যাগ করার সাংবিধানিক অধিকার রয়েছে এবং তিনি কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তিনি অবগত নন।
শনিবার (২৫ জুলাই) ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে হলে আগে সম্পদ সৃষ্টি করতে হবে। আর সম্পদ সৃষ্টির জন্য প্রয়োজন নিরাপদ সামাজিক পরিবেশ, কার্যকর আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। তিনি অভিযোগ করেন, গত দুই দশকে একটি গোষ্ঠী এককভাবে দেশের সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে তা অপব্যবহার করেছে।
তিনি আরও বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা জরুরি। তাঁর মতে, কেবল সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভর করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব নয়; বরং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, রাষ্ট্রের উন্নয়নের মূল চাবিকাঠি হলো কর্মসংস্থান সৃষ্টি। পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকলে চুরি, ডাকাতি, কিশোর গ্যাং এবং মাদকের মতো সামাজিক সমস্যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।
ফেনী চেম্বারের আহ্বায়ক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে এবং পরিচালক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, এফবিসিসিআইয়ের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ফেনী চেম্বারের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতারা।

























