শিশুদের স্বপ্ন, সবুজের অঙ্গীকার—‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব সংবাদ :
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সচেতন, সৃজনশীল ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো প্রদর্শনী স্টল ঘুরে দেখে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
দেশের ৬০টি জেলার শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরতে নানা ধরনের স্টল সাজায়। সেখানে শিক্ষার্থীদের আঁকা ছবি, কাগজ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী স্থাপনার প্রতিরূপ, হস্তশিল্প এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন সৃজনশীল কাজ প্রদর্শিত হয়।
স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তাদের কুশল জানতে চান এবং প্রদর্শিত বিভিন্ন সামগ্রী শিক্ষার্থীদের নিজেদের তৈরি কি না, তা জানতে আগ্রহ প্রকাশ করেন। শিক্ষার্থীদের ইতিবাচক উত্তর শুনে তাদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
পরিদর্শনের সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি, সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শিক্ষার্থীরা ‘আনন্দ শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’সহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের কথাও তুলে ধরে।
একটি স্টলে শিক্ষার্থীরা জানায়, তারা প্রতিদিন নিজেদের টিফিনের টাকা থেকে কিছু অংশ সঞ্চয় করে আর্থিকভাবে অসচ্ছল সহপাঠীদের সহায়তা করে এবং তাদের সঙ্গে টিফিন ভাগাভাগি করে খায়। এই উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এমন মানবিক কাজ অন্যদের জন্যও অনুকরণীয়।
আরেকটি স্টলে গিয়ে তিনি শিক্ষার্থীদের বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে ময়লা দেখবে, তা তুলে নির্দিষ্ট স্থানে ফেলবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর উৎসাহ দেন।
হবিগঞ্জের একটি বিদ্যালয়ের স্টলে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব উপকরণ দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিশুদের জন্য তৈরি ‘পকেট পাঠাগার’ ধারণারও ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার্থীরা ব্যাখ্যা করে জানায়, বয়স ও পাঠযোগ্যতা অনুযায়ী বই সাজিয়ে রাখা হয়েছে, যাতে সহজেই প্রয়োজনীয় বই বেছে নেওয়া যায়।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিশুদের আবদারে সাড়া দিয়ে একটি টবে নিজের হাতে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে আরেকটি স্টলে শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলার অনুরোধও গ্রহণ করেন এবং তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন।
সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী স্টল পরিদর্শন শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে প্রতিটি স্টল ঘুরে দেখার পর সাড়ে ১১টার দিকে পরিদর্শন শেষ করেন তিনি।
‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সৃজনশীল শিক্ষা, পরিচ্ছন্নতা, পাঠাভ্যাস এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার বিষয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আরও উদ্বুদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।